কহিনুর বাউফল(পটুয়াখালী )প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সভা ডেকে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির বহিস্কার দাবী করেছেন বহিস্কৃত সাধারণ সম্পাদক। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয় চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন হাওলাদারকে। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করে চেয়ারম্যান নির্বাচিত হন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক আলকাছ মোল্লা।
নিজেকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেয়ার পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম ফিরোজ এমপি তাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেন। যদিও নির্বাচনকালীন বিদ্রোহী প্রার্থী আলকাছ মোল্লার বিরুদ্ধে ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ করেছিলেন নৌকা মার্কার প্রার্থী আমির হোসেন।
রোববার চন্দ্রদ্বীপ আসম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে একটি সভা আহবান করেন চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা। সভায় দলীয় সভাপতি আমির হোসেন হাওলাদারের বিরুদ্ধে সিনিয়র নেতাদের নামে অপপ্রচার, সাংগঠনিক নিস্ক্রিয়তাসহ নানা অভিযোগ এনে বহিস্কারের দাবী তোলেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান আলকাছ মোল্লাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপণ করা হয়। সভায় উপস্থিত একাধিক নেতা কর্মী বলেন, চেয়ারম্যান নিজেইতো বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার হয়েছেন। এখন পর্যন্ত তাকে দলে পূণর্বহাল করা হয়নি। তিনি (আলকাছ মোল্লা) সভাপতি আমির হোসেনের বহিস্কার দাবী করতে পারেন না।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বিষয়টিকে ‘অলৌকিক কান্ড’ আখ্যা দিয়ে রোববার রাতে তার ফেসবুক পেজে একটি ষ্টাটাস দিয়েছেন। সেখানে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রার্থীকে বহিস্কারের দাবী করার জন্য এনামুল হক আলকাছ মোল্লাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা বলেন, আমি নই, সভায় দলের সিনিয়র নেতারা আমির হোসেন হাওলাদারের বহিস্কার দাবী করেছেন।


