কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো. আবুল হোসেন নামে এক ব্যক্তি মারা যাওয়ার ৫মাস পরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে আদালত। মৃত ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চা ল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মৃত আবুল হোসেন এবং তাঁর অপর ভাই মো. খলিলুর রহমানকে আসামী করে ২০১৭সালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং, সি আর-৪৭৫/২০১৭) তাদের ভগ্নিপতি মো. জসিম মৃধা। আদালত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন খাঁনকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন। আবুল হোসেন মারা যাওয়ার ৪ মাস পরে ২০১৮ সালের ২৩ডিসেম্বর আদালতে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করেন বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন খাঁন। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন বাদীর মানিত স্বাক্ষী এবং পাশ্ববর্তী লোকজনের সাথে কথা বলে বাদীর অভিযোগের সত্যতা পেয়েছেন। প্রতিবেদনের কোথাও আসামী মো. আবুল হোসেন মৃত্যু বরন করেছেন এমন কথা উল্লেখ করা নেই। তাঁর এমন প্রতিবেদনের উপর ভিত্তি করে আদালত ওই দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান গ্রেফতারি পরোয়না জারি হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনার মৃত আবুল হোসেনের ছোট ভাই মো. খলিলুর রহমান বলেন, একটি মিথ্যা এবং সাজানো মামলায় কোনো ধরনের সরেজমিন তদন্ত ছাড়াই আমার এবং আমার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন চেয়ারম্যান জসিম উদ্দিন খাঁন। যার কারনেই এমন ঘটনা ঘটেছে, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।
এ বিষয়ে বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন খানের নিকট জানতে চাইলে তিনি বলেন, মামলার বাদী আমার ইউনিয়নের বাসিন্দা এবং বিবাদীগন আমার পার্শ্ববর্তী মদনপুরা ইউনিয়নের বাসিন্দা। মামলায় উল্লেখিত স্বাক্ষীগনের মধ্যে উপস্থিত স্বাক্ষীগনের জবানবন্দীর ভিত্তিতে আমি প্রতিবেদন দাখিল করেছি। কিন্তু আসামী মো. আবুল হোসেন মারা গেছেন এই বিষয়টি কেউ আমাকে জানায়নি। তাই এই ভুল বোঝাবুঝি তৈরী হয়েছে।


