কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী বন্দরের খাস জমি দখল করে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলেও নিরব রয়েছে তদারকি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জমি দখলের বিষয় নিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছেনা বলে জানান।
সরজমিনে জানা গেছে, কালিশুরি বন্দরের বৃহত অংশের জমি দখল করে একাধিক বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করেছেন করছেন হিমু সন্যামত নামের এক ব্যবসায়ী। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ২০০৬ সালে কালিশুরী-চাঁদকাঠি খেয়া ঘাট এলাকায় খাস খতিয়ানের প্রায় ১২ শতাংশ জমি বিএনপি দলীয় সাবেক এমপি শহীদুল আলম তালুকদার দখল করে ভবন নির্মাণ করেছিলেন। ওয়ান ইলেভেনের সময় যৌথ বাহিনী ওই মার্কেট ভেঙে গুড়িয়ে দেয়। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কালিশুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোস্তফা তালুকদারের ডান হাত হিসেবে পরিচিত হিমু সন্যামত সেই খাস জমি দখল করে নেন। জমি দখলের পর তিনি সামনের অংশে পাঁকা টিন শেড ভবন নির্মাণ করেন। আর পেছনের অংশে মুরগির ব্যবসা করার জন্য কয়েকটি শেড নির্মাণ করেন।
ব্যবসার অংশীদার হিমু সন্যামতের ভাই হিরু সন্যামত জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, কিছু জমি আমরা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। বাকী জমি শুধু শুধু পড়ে থাকায় আমরা ব্যবহার করছি। সরকার চাইলেই তা আমরা ফেরৎ দিয়ে দেব। কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন জামাল সিকদার বলেন, হিমু সন্যামত আওয়ামীলীগের কোন পদে নেই। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। যদি কিছু করে থাকেন তা তার ব্যক্তিগত ক্ষমতায় করেছেন। এখানে দলের কোন সম্পৃক্ততা নেই। কালিশুরী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুর জব্বার আকন বলেন, কালিশুরী বন্দরের খাস খতিয়ানের বেশকিছু জমি বিভিন্ন কৌশলে প্রভাবশালীরা দখল করে রেখেছেন। অনেকে আবার আদালত থেকে একতরফা রায় এনে খাস খতিয়ানের জমি ভোগ দখল করছেন। বেদখল হওয়া খাস জমি উদ্ধারের জন্য শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে জানান।


