বাগেরহাট প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ মহাষ্টমী। এই দিন সনাতন ধর্মালম্বীরা কুমারী পূজা করে থাকেন। যেখানে দেবীকে কুমারী রূপে পূজা করা হয়। মনে করা হয় এই রীতির মাধ্যমে দেবীর আশীর্বাদ ভক্তদের ওপর বেশি করে বর্ষিত হয়। পূজার ৫ দিনের মধ্যে এই দিনটিকেই সব থেকে পবিত্র বলে ধরা হয়। সেই কারনে অপেক্ষাকৃত বেশি সংখ্যক ভক্ত পুষ্পাঞ্জলি প্রদান করেন। সমস্ত দিন পূজার মধ্য দিয়ে যায়। কুমারী পূজা উপলক্ষে বাগেরহাটের রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ সব বয়সী মানুষের ভীড় ছিল এই মন্দিরে। মায়ের কৃপা পেতে সবাই এসেছিলেন মন্দিরে।
রামকৃষ্ণ মন্দিরে আসা মালতী নারী সাহা বলেন, দূর্গা পূজার অন্যতম পবিত্র দিন হচ্ছে অষ্টমী। অষ্টমীতে মায়ের কৃপা পেতে আমরা সবাই একটু বেশি আরাধনা করি। এই দিনে মন্দিরে এসে আমরা মায়ের আরাধনা করি।
রন সাহা, মলিনা দেবনাথ, রবি চক্রবর্তীসহ আরও কয়েকজন বলেন, অষ্টমী তো আর প্রতিদিন থাকে না। শাস্ত্রমতে অষ্টমী তিথিতে ভগমান একটু বেশি উদার থাকেন। তাই এই দিনে আমরা মন্দিরে এসে পূজা করি। আমরা করোনা মুক্তির জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।
রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সঞ্জয় কুমার বলেন, কুমারী পূজা অন্যান্য মন্দিরে হলেও রামকৃষ্ণ মন্দিরে একটু বেশি জাকজমক পূর্ণ হয়। এদিন আমরা সর্বোচ্চ চেষ্টা করি নিরাপত্তার সাথে বেশি দর্শনার্থী ও ভক্তদের পূজা করতে দেওয়ার। সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম মন্দিরে অনেক ভীড় ছিল। আমরা চেষ্টা করেছি সকলকে প্রসাদ দিতে।
কুমারী পূজা পড়ানো পুরোহিত সুদাশ মুখার্জী বলেন, শাস্ত্রমতে সব ধরণের নিয়শ মেনে আমরা কুমারী পূজা করেছি। করোনার মধ্যেও প্রচুর লোক এসেছিল। স্বাস্থ্যবিধি মেনে সকলকে পূজার সুযোগ দিতে আমরা চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতেও এই মন্দিরে বড় ধরণের কুমারী পূজা হবে।
বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত রায় বলেন, বাগেরহাটের সকল পূজা মন্ডপ-মন্দিরে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হচ্ছে।কোথাও কোন সমস্যা হচ্ছে না। সব মন্দিরে কুমারী পূজা না হলেও উৎসবের আমেজ ছিল সব মন্দিরে। আর যেসব মন্দিরে কুমারী পূজা হয়েছে, সেসব মন্দিরে শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। আমরা আশা করি শান্তিপূর্ণভাবে বাগেরহাটে পূজা সমাপ্ত করতে পারব।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠানের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন আমি নিজেও বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করছি। কোথা কোন সমস্যা নেই। আশাকরি শান্তিপূর্ণভাবে আমরা পূজা শেষ করতে পারব।


