রাণীশংকৈলে নিখোঁজের ১দিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ভান্ডারা পাঁচপীর কবরস্থান এর দক্ষিণ পার্শ্বে একটি ধানক্ষেত থেকে এক যুবককের দুর্গন্ধময় মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করেছে রানিশংকৈল থানা পুলিশ।
নিহত ওই যুবক ভান্ডারা এলাকার শহিদুল হক এর একমাত্র পুত্র আলিফ রহমান(২১)। নিহত আলিফ একই এলাকার সিরাজুলের ইলেকট্রিক দোকানের মালামাল সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাণীশংকৈল সার্কেল এএসপি হোসেন, থানা পরিদর্শক এসএম জাহিদ ইকবাল ,পিবিআই সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম ও সিআইডির এসআই মিল্লাত হোসেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আলিফের মা আলেফা পারভীন তার ছেলেকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলে দাবি করে পুলিশের কাছে এর সঠিক তদন্ত সহ সুষ্ঠ বিচার চেয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, নিহত আলিফ নেশা গ্রস্থ ছিলেন। কিছুদিন আগে সে জেল থেকে বেরিয়ে সিরাজুল এর দোকানের মালামাল সরবরাহের কাজে চাকরি নিয়েছিলেন। কয়েকদিন আগে রাণীশংকৈল পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান নিজ দায়িত্বে আলিফকে রংপুরে মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা করিয়েছেন, তবে আলিফ নেশা ছাড়তে পারেনি।
নিহত আলিফের বাবা শহীদুল হক ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আমার ছেলে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও পায়নি ।এর একপর্যায়ে শ্রমিকরা মাঠে ধান কাটার জন্য ধান কাটতে গেলে আজ বেলা ১১ টার দিকে ধান ক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন।
ধান কাটা শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে যায় সেখানে আমিও ছিলাম মরদেহের মুখ দেখে সনাক্তঃ করি এটা আমার ছেলে আলিফের মরদেহ।
নিহত আলিফের বাবা দাবি করেন তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ,কে হত্যা করেছে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করার জন্য উপস্থিত পুলিশদের তিনি অনুরোধ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ছেলে দুই দুইবার গাড়ি এক্সিডেন্ট করেছে যাদের গাড়ি নিয়ে এক্সিডেন্ট করেছে তারাই এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে কারো নাম প্রকাশ করেননি।
নিহত আলিফের মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমার ছেলে এক সময় নেশা করতেন জেল থেকে বেরিয়ে চাকরি নিয়ে সে ভালো হয়ে গেছে।
এ বিষয়ে  রাণীশংকৈল থানার পরিদর্শক এসএম জাহিদ ইকবাল বলেন, প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়েছে কি কারনে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।