শোনার মতো কেউ নেই চৌগাছার ধান চাষীদের বেদনাবিধুর হৃদয়ের অব্যাক্ত বেদনা

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ “দেখতে সুন্দর সবুজে ঘেরা, আমাদের এই বসুন্ধরা” চারিদিকে সোনালী আঁশ আর সোনার ধানে ভরা, তবুও কৃষকেদের মনে নেই কোন আনন্দের ধারা।

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের (৭৫-৮৫)% লোক কৃষির উপর নির্ভরশীল। প্রাচীনকাল থেকেই হয়ে আসছে এদেশে ফসলের সমাহার। আজও ইতিহাস পড়লে দেখা যায়, অতীতে দেশে প্রত্যেক কৃষক পরিবারে ছিলো গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সারি সারি গাছ, সোনালী পাটের আঁশ, প্রকৃতির সুন্দর আবহাওয়া, সব মিলে ছিলো হাসি-খুশি, আনন্দ-উচ্ছ্বাস আর পরিবেশবান্ধব পরিবারের রকমারি খেলার মেলা। এক পরিবারের লোক আরেক পরিবারের বাড়িতে আসা, বসা, গল্প করা, কৌতুক-তামাসা করা, এই সব মিলেই ছিলো আনন্দ মূখর এক সমাজ। আজ পরিবার আছে, সমাজ আছে, মাঠ আছে, ফসল আছে, পুকুর, খাল-বিল, হাওড়-বাওড়, নদী-নালা, গাছ-পালা, পশু-পাখি সবই আছে কিন্তু সেই আনন্দ, অনুভুতির বহরটা আর আগের মতো নেই। কারণ পরিবার আছে কিন্তু পরিচিতি নেই। সমাজ আছে কিন্তু একতা নেই। মাঠ আছে কিন্তু মরুভূমি। ফসল আছে কিন্তু কৃষকের হাসি নেই। পুকুর আছে কিন্তু সেই কীটনাশক বিহীন মাছ আর নেই। খাল-বিল, হাওড়-বাওড় সবই আছে কিন্তু রাজনীতিতে খেয়ে ফেলেছে। গাছ-পালা, পশু-পাখি সবই আছে কিন্তু সেই প্রাকৃতিক পরিবেশ আর নেই। নদী-নালা আছে কিন্তু প্রাণ নেই, নেই তার সুখের মেলা, যেখানে অতীতে চলিতো লঞ্চ, স্টিমার, নৌকা আর ভেলা। এমনই দুঃখ ভরাক্রান্ত কথা ব্যক্ত করলেন চৌগাছা উপজেলার হুদাফতেপুর গ্রামের বৃদ্ধ নাসির উদ্দিন।

চৌগাছা উপজেলা কৃষি অফিসের তথ্যানুসারে জানা যায়, উপজেলায় ১৮৩০০ হেক্টর জমিতে এই মৌসুমে ধান চাষ হয়েছে। আমাদের দেশের কৃষকেরা বছরে আমন-ইরি দুই প্রকারের ধান চাষ করে থাকে। এর মধ্যে বর্তমানে চাষী সমাজ ইরি ধান ঘরে তুলছে। সারা বছর বাংলার চাষীরা ধান চাষ করেই গেলো, দেশের উন্নয়ন হলো, আরও উন্নয়ন হবে। কিন্তু চাষীদের হাহাকার অবস্থা থেকেই গেলো। ইরি মৌসুমের সময় প্রায় শেষ। চৌগাছার চাষীরা ঘরে ধান তুলছে, কোথাও কোথাও তোলা শেষ হয়েও গেছে। ইরি ধান পাকার মুখে এসে সারা দেশে শীলা-বৃষ্টি নামক প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানে অনেক জায়গায় ফসলের ক্ষতিও হয়েছে। তার মধ্যেও কৃষকের আশা ফুরায় নি। আশায় বুক বেঁধে ছিলো তারা কখন ঘোর কেটে আসবে ভোর, আসবে সকাল? কিন্তু মহান সৃষ্টিকর্তা যদিও সেই ঘোর কেটে ভোর এবং সকাল এনে দিলো, কৃষকেরা কাজে মন দিলো কিন্তু দেখা যায় তবুও তাদের মুখে হাসি নেই, নেই পরিবারে একটু সুখের ছোয়া। কেনো কৃষকদের মুখ মলীন, কেনো তাদের দূরাবস্থা?

জানতে চাইলাম যশোর জেলার চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী গ্রামের ধান চাষী আশাদুল ইসলামের কাছে। তিনি বলেন, আমরা চাষী সমাজের লোকেরা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। অপরদিকে আরাম, উল্লাস, আনন্দ, উচ্ছ্বাসে থাকে শহরের লোকেরা। কিন্তু আমাদের কোনো উন্নতি নেই। আমরা আগেও যা ছিলাম, এখনও তাই আছি এবং ভবিষ্যতেও তাই থাকবো। জীবন চলবে তরী বাইতে বাইতে কিন্তু তরীতে উঠে তীরে পৌছাতে পারবো বলে আশা হয় না। তিনি কেনো এমন বলছেন জিজ্ঞাসা করলে বলেন, আসলেই ধান চাষে কোনো লাভ হয়না। মূলতো খাটনির উপর দিয়ে দুইমুঠো খাওয়া-দাওয়া টিকমত হয়।

তিনি আরও বলেন, একজন ভূমিহীন চাষীকে ধান চাষ করতে হলে বছরে চৌদ্দ হাজার টাকায় জমি বর্গা নিতে হয়। এরপর বিঘাপ্রতি লাঙ্গল ও শ্রমিক দ্বারা রোপণে (৩০০০-৩৬০০) টাকা, ধান পাকার পূর্ব পর্যন্ত শ্রমিক বাবদ ১০০০ টাকা, সার-কিটনাশক বাবদ (২৫০০-২৭০০) টাকা, সেচ বাবদ (২০০০-৩০০০) টাকা, ধান পাকলে (কাটা-বাঁধা-ঝাড়া-তোলা) বাবদ (৩৫০০-৪০০০) টাকা খরচ বহন করে চাষীকে ধান ঘরে তোলা লাগে। সকল খরচ হিসাব করে দেখা যায় আমি বর্তমানে ইরির মৌসুমে বিঘাপ্রতি প্রায় বিশ হাজার টাকা ব্যয়ে ধান ঘরে তুলতে পেরেছি। এক বিঘা জমিতে বিভিন্ন প্রকার ধান বিভিন্ন পরিমাণ হয়ে থাকে। তবে মিনিকেট ধানের হিসাবে একজন চাষী ২০/২২ মণ ধান পায়। এবার ধান উঠার সাথে সাথে ৮৫০/৯০০ টাকা মণে বিশ/বাইশ মণ ধানের দাম ২০০০০/২২০০০ টাকা আয় হয়। তাহলে বর্গা নেওয়া চাষীর লাভের খাতায় শুন্যে দাড়ায়।

এই জন্য আমাদের মতো চাষীরা কিভাবে পরিবার বর্গ নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করবো ভেবে পায়না। বাংলাদেশে সমস্ত জিনিসের দাম অপরিসীম ভাবে বাড়লেও ধানের দাম বাড়েনা। সেই দশ বছর আগে যে দাম ছিলো এখনো কোনো অংশে বাড়েনি। প্রত্যেক ক্ষেত্রে অন্যান্য জিনিসের দাম বেড়ে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে হয়েছে কিন্তু ধানের দাম ঐ তুলনায় এত কম যে বাংলার চাষীদের বেঁচে থাকা কষ্ট। একজন ব্যবসায়ীর ব্যবসায় লোকসান হলে অথবা লাভ না হলে ব্যবসা ছেড়ে দেন, শ্রমিকের টাকা পর্যাপ্ত না হলে কাজ ছেড়ে দেন, চাকুরীজীবিরা বেতন কম হলে বছরে প্রায় মাসেই আন্দোলন করে থাকেন, কিন্তু চাষীদের কি অবস্থা ধানের দাম নেই অথচ অনশন করবে কোথায়, আন্দোলনে নামবে কে, কে বা শুনবে চাষীদের কথা। দেশের আশি শতাংশ ব্যাপারে চাষীদের উপর নির্ভরশীল। কিন্তু নজর নেই এই চাষীর উপর। তিনি আরও বলেন, যদি কোনো চাষীর নিজের জমিতে নিজে শ্রমিকের কাজ করে চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় ঐ চাষী বিঘা প্রতি জমিতে (নিজ শ্রম ও বর্গা নেওয়া টাকা বাঁচিয়ে) ৮০০০/১০০০০ টাকা ঘরে তুলতে পারেন। সেই ক্ষেত্রে সে একটু উপায় খুঁজে পায় সামাজিক ভাবে বেঁচে থাকার।

তাই আমরা চাষীরা, আমাদের মায়ের মতো ব্যক্তিত্ব দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাচ্ছি। কারণ চাষী আছে দেশের উন্নয়ন আছে, চাষী আছে তো খাবার আছে, চাষী আছে তো শিল্প আছে, চাষী আছে তো ডিজিটাল দেশ টিকে থাকবে। সুতরাং তিনি যেনো ফসলের দাম বাড়িয়ে আমাদের একটু স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে শান্তিতে বেঁচে থাকার উপায় খুঁজে দেয় আমরা সেই কামনাই করি।