কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পুত্রের বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বাবা ও মা। সোমবার বেলা ১১ টায় বাউফল প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বাবা মোসলেম উদ্দিন মৃধার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছোট পুত্র জিয়াউল হক জুয়েল।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমি মোসলেম উদ্দিন মৃধা ৮নং মদনপুরা ইউনয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা। আমার ছেলে মনিরুল ইসলাম শাহিন একজন মামলাবাজ চাঁদাবাজ সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোক। তিনি আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এতে আমি বাঁধা দিলে তিনি আমার ও আমার স্ত্রীর ফজিলত বেগমের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। এ ঘটনায় আমি আমার পুত্র শাহিনের বিরুদ্ধে বাউফল থানায় জিডি করলে শাহিন আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে। মারধর করে টাকা পয়সা নিয়ে যায় এবং ঘরের মালামাল ভাংচুর করে।
আমি আমার পৈত্রিক সম্পত্তিতে চাষ করতে গেলে আমার ছেলে শাহিন বাঁধা দেয়। তিনি আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তিনি আমার দোকান থেকে ৫৫ হাজার টাকা নিয়া যায় এবং দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে। আমি অতিষ্ট হয়ে পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করি। এই মামলায় শাহিন কয়েক দিন জেল হাজতে ছিল। এরপর আদালতে অঙ্গীকারনামা দিয়ে জামিনে বের হয়ে আসে। তিনি ওই মামলা তুলে নেয়ার জন্য আমাকে ও আমার স্ত্রীকে হত্যার হুমকি দেয়।
তার নির্যাতনের কারণে আমাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোসলেম উদ্দিন বলেন, আমার ছেলে মনিরুল ইসলাম শাহিন মৃধার ৪২ মামলার বাদী ও ৮ মামলার আসামী। তার হাতে গোটা চন্দ্রপাড়া গ্রামের মানুষ জিম্মি। আমি নিরুপায় হয়ে পুত্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছি। আমি এ বিষয়ে প্রতিকারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’ সাংবাদিক সম্মেলনে মনিরুল ইসলাম শাহিনের মা ফজিলাত বেগম বলেন,‘ ওর মত (শাহিন) খারাব ছেলে বাউফলে আর নেই। ও আমাদেরকে মারধর করে। আমি এই জালেম পুত্রের বিচার চাই।’ সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিন মৃধার চাচা ফারুক মৃধা, মুসা মৃধা, ছালাম মৃধা ও আফতাব মৃধা।


