সেতু না থাকায় ১০ হাজার মানুষের দুর্ভোগ চরমে

অনলাইন ডেস্ক: ঝাড়কাটা নদীর ওপর কোনো সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নের মানুষ। নৌকায় নদী পার হতে দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীর অর্থায়নে স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। তবে বর্ষা মৌসুমে সাঁকোটিও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই স্থায়ী সমাধানে একটি সেতু তাদের চাই। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা কাজ শুরু করেছেন।

ঝাড়কাটা নদীর ওপর সেতু না থাকায় এতদিন নৌকায় পারাপার হতেন সাতপোয়া, সিধুলীসহ পাঁচ ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগী, শিক্ষার্থী ও কৃষকরা।

সম্প্রতি নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে নদীর ওপর বাঁশ ও কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করেছেন এলাকাবাসী। তবে, বর্ষা মৌসুমে তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা জানান, দীর্ঘ ভোগান্তির স্থায়ী সমাধান হবে পাকা সেতু নির্মাণ হলে।

বৈরী আবহাওয়ায় নদী পার হতে না পেরে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না। এ কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যাও কমছে না বলে মনে করেন শিক্ষকরা।

উপজেলার সাতপোয়া এলাকার আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম জুলফিকুর রহমান বলেন, এই নদীর উপরে ব্রিজ না থাকায় এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না। শিক্ষার্থীরা ঠিকমতো স্কুল-কলেজ-মাদ্রাসায় যাতায়াত করতে পারছে না। এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি।

বিষয়টি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করছে উপজেলা প্রশাসন। এ জন্য একটি প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

তিনি বলেন, ঝাড়কাটা নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাছাই-বাছাই শেষে এ বিষয়ে প্রকল্প গ্রহণ করা হবে।

নদী পার হতে গিয়ে গত বছর পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।