হরিরামপুরে ইউপি সদস্যের নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগমের নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ঐ ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মো. মোজাফ্ফর হোসেন।
লিখিত অভিযোগে মো. মোজাফফর হোসেন উল্লেখ করেছেন, মনোয়ারা বেগম ২০২০-২১ অর্থবছরে তার নিজের নামে ও তার ভাসুরের ছেলের স্ত্রী ডলি খাতুনের নামে ভিজিডি কার্ড করিয়ে চাল আত্মসাৎ করছেন। ২০১৯-২০ অর্থবছরে তার স্বামীর বড় বোন ফিরোজা বেগম যিনি ঢাকায় থাকেন এবং তার মা সাজেদা বেগম যিনি বিদেশে থাকেন, তাদের নামে ভিজিডি কার্ড করে তিনি চাল আত্মসাৎ করেন।
মনোয়ারা বেগম তাঁর সুস্থ মেয়ে দোলনা আক্তারের নামে প্রতিবন্ধী ভাতা কার্ড করে টাকা আত্মসাৎ করছেন। তাঁর স্বামী পেশায় ইটের ভাটায় শ্রমিক সরবরাহকারী হলেও তাঁর স্বামীর নামে তিনি জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল উত্তোলন করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গফ্ফার সরদার নামের এক ব্যক্তির প্রতিবন্ধী ভাতার কার্ড তিনি আটকে রেখেছেন।
এ ব্যাপারে গফ্ফার সরদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ছেলে জানান, “ইউপি সদস্য মনোয়ারা বেগম তাদের বলেছেন কার্ডে ডাক্তার নাকি কার যেন একটা স্বাক্ষর বাকি আছে। স্বাক্ষর হয়ে গেলে বই দিবে। আমাদের কাছে কোন টাকা পয়সা দাবি করেনি।”এছাড়াও, ঈদ উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ৪৫০ টাকার তালিকায় আকমাল হোসেন, জিয়াসমিন ও আলম হোসেনের নাম দিয়ে তিনি নিজে টিপসই দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে আকমাল হোসেন জানান তিনি টাকা পাননি। আলম ও জিয়াসমিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা কল ধরেননি। এ ব্যাপারে অভিযোগকারী মো. মোজাফফর হোসেন এ সকল অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত মনোয়ারা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের নামে ভিজিডি কার্ড করার কথা স্বীকার করে “ইউপি সদস্য হিসেবে নিজের নামে একটা ভিজিডি কার্ড করেছি। এতে যদি আমার শাস্তি হয় হোক” বলে তিনি কল কেটে দেন। পরবর্তীতে অন্যান্য অভিযোগের বিষয়ে জানার জন্য একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও তিনি কল ধরেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত করার জন্য। সে সরেজমিন তদন্ত করবে। পাশাপাশি আমিও আমার অফিসে ডেকে উভয়পক্ষের কথা শুনবো। দুইটার ফলাফল যা দাড়ায়, সেটাই আমরা উপরে লিখে পাঠাবো।”