উত্তরায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মাইক্রোফোনসহ নগদ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে ক্যামেরা, মাইক্রোফোন, মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাংবাদিক মো. জিয়াউর রহমান জিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সাংবাদিকের নাম মো. জিয়াউর রহমান জিয়া (৪০)। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সিলেটপাড়া গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের চন্ডালভোগ এলাকায় বসবাস করছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের পুকুরপাড় সড়কে অরুণ সাহেবের বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় অতর্কিত হামলা চালিয়ে তাঁর সঙ্গে থাকা ক্যামেরা, মাইক্রোফোন, মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সাংবাদিক জিয়া ও তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান আমজাদ হোসেন বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাঁদের মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জিয়ার মাথার বাম পাশে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর ক্ষত সৃষ্টি হয়। তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে ও ক্যামেরাম্যান আমজাদ হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এ সময় আমজাদ হোসেনের পকেটে থাকা একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত সাংবাদিককে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর মাথার ক্ষতস্থানে সেলাই ও ব্যান্ডেজ করেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা সময় লেগেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সাংবাদিকের ওপর হামলা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।