প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল কালাম সাঈদকে। কমিটির অন্য দুই সদস্য হলেন পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খালিদ হোসেন।

অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রাইভেট না পড়ায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে এসেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিকক্ষে নিরব (১৪) নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে শিক্ষক ইকবাল হোসেনের বিরুদ্ধে। ওই দিন রাত ১০টার দিকে আহত শিক্ষার্থীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা।

শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে শিক্ষকের কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেওয়ার পর থেকেই বিভিন্ন অজুহাতে ওই শিক্ষার্থীকে মারধর করা হচ্ছিল। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগও জানান।

ঘটনাটি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ার রঞ্জন অভ্যন্তরীণভাবে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।