বিশেষ প্রতিনিধি : কুড়িল বিশ্বরোডসংলগ্ন কুড়াতলী বাজার, কুড়াতলী স্কুল ও মহিলা মাদ্রাসা ঘিরে মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ওই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। এমতাবস্থায় সরেজমিনে অনুসন্ধানে গিয়েও ঘটনার সত্যতা পাওয়া যায়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, মাদক ব্যবসার পেছনে এলাকারই কিছু ব্যক্তি কলকাঠি নাড়ছেন। রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে মাদক কারবারিরা সক্রিয় থাকার অভিযোগও রয়েছে। একই সঙ্গে এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি গোষ্ঠীর তৎপরতা নিয়েও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, এর প্রভাব আশপাশের ৩০০ ফুট সড়ক পর্যন্ত পড়েছে। সেখানে নিষিদ্ধ সংগঠনের কথিত ঝটিকা মিছিলের ঘটনাও ঘটেছে ইতিপূর্বে।
এদিকে প্রশাসনের সোর্স হিসেবে কাজ করেন বলে স্থানীয়ভাবে পরিচিত সেলিনা নামের এক নারীকে ঘিরেও নানা অভিযোগ রয়েছে। ঘটনাক্রমে যোগাযোগ হয়েছে সেই সোর্স সেলিনার সাথে।কথা হয়েছে এই প্রতিবেদকের সাথে।স্থানীয়দের সঙ্গে তাঁর বিভিন্ন সময়ে বাক্বিতণ্ডা, হামলা ও মামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে কুড়াতলী এলাকায় মাদক বিক্রির সঙ্গে কথিত সোর্সদের সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের কথাও স্থানীয়রা জানিয়েছেন। সব অভিযোগ মিলিয়ে কুড়াতলীর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি বন্ধে দ্রুত ও নিরপেক্ষ অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা।


