এস.এম.নাহিদ: রাজধানীর খিলক্ষেতের নয়ানগর-বটতলা এলাকায় তিতাস গ্যাসের সীল জালিয়াতি করে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, এ কে এম শহীদ হোসেনের মালিকানাধীন একটি ভবনে অবৈধ গ্যাস ব্যবহারের উদ্দেশ্যে নয়টি রাইজার স্থাপন করা হয়েছিল। তদন্তে আরও উঠে আসে, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের সীল জাল করে সংযোগের অনুমতি নেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয়টি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটিকে গুরুতর জালিয়াতি হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেয়।
ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত এ কে এম শহীদ হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ও গ্যাস খাতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ ও জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


