বিশেষ প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের কলেরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচিত সোবাহান দালালের বিরুদ্ধে গ্রাম্য সালিশের নামে ফতোয়া জারি, নির্যাতন, ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এলাকায় কয়েকটি নিরীহ পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৪ জুন কাঠমিস্ত্রি সাইদুলের স্ত্রী রাশেদা ও তাদের শিশু সন্তান হুজাইফা নির্যাতনের শিকার হন।
রাশেদার অভিযোগ, সোবাহান দালাল বিভিন্ন সময় তাকে নিজের কথামতো চলার জন্য চাপ দেন। তিনি তাতে রাজি না হওয়ায় সোবাহান দালাল ও তার সহযোগী আব্দুর রহমান তার নামে এলাকায় মিথ্যা অপপ্রচার চালান। এ ঘটনার প্রতিবাদ করলে সাইদুল ও রাশেদার পরিবারকে নিয়ে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ওই সালিশে আব্দুর রহমান, আব্দুল হাই ও জলিল বেপারীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে সাইদুলকে তার স্ত্রীকে তাৎক্ষণিক তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি এতে আপত্তি জানালে রাশেদা ও তার শিশু সন্তানকে মারধর করা হয় এবং পরিবারটিকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে সাদা কাগজ ও অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগে আরও বলা হয়, কেউ তাদের সহযোগিতা করলে তাকেও একই ধরনের পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসা শিক্ষক দাবি করেন, সোবাহান দালাল নিজেকে স্থানীয় সংসদ সদস্য নুর ইসলাম নয়নের আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তাঁর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি ও ভিজিএফ কার্ড এবং ভূমি বন্দোবস্তের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
এছাড়া একই এলাকার বাসিন্দা সেলিমের অভিযোগ, তার স্কুলপড়ুয়া মেয়ে লিজা (১৩)-কে জোরপূর্বক বিয়ে দিতে বাধ্য করা হয়। বিয়ের পর পুলিশি হয়রানির ভয় দেখিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা নেওয়া হয়। পাশাপাশি তার প্রায় এক একর আবাদি জমি সহযোগীদের মাধ্যমে দখল করে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোবাহান দালালের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


