সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি
রাজধানীর উত্তরা ফায়দাবাদ এলাকায় ‘সূর্যমুখী’ নামে একটি ১০ তলা ভবনকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত ভবনটির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, ফায়দাবাদ মৌজার ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডে নির্মিত ‘সূর্যমুখী’ টাওয়ার নামের ভবনটি রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রথম অভিযোগ করা হয় গত ০৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে। পরবর্তীতে ২১ জানুয়ারি ২০২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯ মার্চ ২০২৬, ০৩ এপ্রিল ২০২৬ এবং সর্বশেষ ২৯ এপ্রিল ২০২৬ তারিখেও রাজউক চেয়ারম্যানের দপ্তরে লিখিতভাবে অভিযোগ প্রদান করা হয়।
অভিযোগকারীদের দাবি, এতগুলো অভিযোগের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষায়, “সরিষার ভিতরেই যদি ভূত থাকে, তাহলে তাড়াবে কে?”
এছাড়াও গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর বিষয়টি অবহিত করা হয়। একইসঙ্গে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, মুখ্য সচিব এবং অতিরিক্ত প্রেস সচিবের কাছেও লিখিত অভিযোগ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ‘সূর্যমুখী’ টাওয়ারের দলিলে আওয়ামী লীগ সরকারের সময়কার ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব মিয়া ১ নম্বর সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন। এছাড়া যুবলীগ নেতা আবেদ আলি এবং আওয়ামী লীগ নেতা আমজাদ ও হাসান দলিলের সাক্ষী হিসেবে নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, সাবেক কাউন্সিলর মোতালেব মিয়ার বিরুদ্ধে অতীতে ভুয়া দলিলের মাধ্যমে একাধিক জমি বিক্রির অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটি নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় নকশা ব্যত্যয় করে ৫০টিরও বেশি ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূল হোতা হিসেবে ওমর খসরু খানের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়।
এদিকে, এই বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করায় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে গিয়ে কিছু নামধারী ছাত্রদল নেতাকর্মী সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সচেতন মহলের মতে, নকশা অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নিলে রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন আরও ভয়াবহ আকার ধারণ করবে। একই সঙ্গে প্রভাবশালীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আরও বৃদ্ধি পাবে বলেও মনে করছেন তারা।
সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে তাদের অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত থাকবে।
পর্ব-০৯


