জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই হলের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল উদ্বোধনের পর ওই এলাকায় তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মীরা হল প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে অন্তত ১৫টি দোকান বরাদ্দ দেন। অভিযোগ রয়েছে, প্রতিটি দোকান বরাদ্দের ক্ষেত্রে তাঁরা এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত নিয়েছিলেন।
এরপর ২০২৪ সালে ওই এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল উদ্বোধন করা হয়। নতুন হলটির সামনে রবীন্দ্রনাথ ঠাকুর হলের মালিকানায় আগে থেকে বরাদ্দ করা কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যে চারটি দোকানের মালিকানা দাবি করে আসছেন কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা।
এ নিয়ে কয়েক দিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও রেষারেষি চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়।
একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, রোববার রাতে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা তাঁদের হলের সামনে থাকা চারটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এ খবর পেয়ে সোমবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হলের কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্র চত্বরে অবস্থান নেন। পরে কাজী নজরুল ইসলাম হলের একদল শিক্ষার্থী সেখানে এলে প্রথমে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘আহত শিক্ষার্থীদের আমরা ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। এরপর দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করব।’
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা রিজওয়ানুর রহমান বিকেল পৌনে পাঁচটার দিকে জানান, এখন পর্যন্ত ৯ জন আহত শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সাভারের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।


