টেকনাফ থেকে টেকপাড়া, অভিযোগের কেন্দ্রে হারেছ মিয়া

এস. এম. নাহিদ: রাজধানীর খিলক্ষেত থানাধীন ৪৩নং ওয়ার্ডের ডুমনি টেকপাড়া এলাকায় ইয়াবা ও হেরোইনের বিস্তার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, টেকনাফ থেকে পরিচালিত একটি মাদক সরবরাহকারী চক্র কুড়িল বিশ্বরোড ও পূর্বাচল উপশহরের ১নং সেক্টর সংলগ্ন ৩০০ ফুট সড়কের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে রাজধানীতে মাদক পৌঁছে দিচ্ছে। পরে নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে এসব মাদক ডুমনি টেকপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, এই রুটে প্রতি মাসে ১২ থেকে ১৫টি মাদকের চালান রাজধানীতে আসে। এর মধ্যে হেরোইনের একটি অংশ ডুমনি টেকপাড়ায় সরবরাহ করা হলেও ইয়াবার বড় অংশ রাজধানীর বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, ডুমনি টেকপাড়ার বাসিন্দা হারেছ মিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার নানা অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের আরও দাবি, হারেছ মিয়ার স্ত্রী পারভীনের নামে ডাচ-বাংলা ব্যাংকের ডুমনি শাখার একটি হিসাবে গত মাসে প্রায় ৩৭ লাখ টাকা জমা হয়েছে। তবে ওই অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে হারেছ মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে হারেছ মিয়া বলেন, এলাকায় তাঁর কিছু শত্রু রয়েছে এবং অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি দাবি করেন, পূর্বের একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হওয়ার পর থেকে তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে অনুসন্ধানে কথা বলা কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, তাঁর মাদক বাণিজ্য এখনো চলমান রয়েছে। মাদক সরবরাহ, অর্থ লেনদেন ও সম্পদের উৎস নিয়ে দীর্ঘদিন ধরে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ কী, সে প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।