প্রতিনিধি: আবুল হাসনাত রাসেল: রাজধানীর তুরাগ এলাকায় সংঘটিত একটি অটোরিকশা ছিনতাই মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন তুরাগ থানায় দায়েরকৃত এক মামলায় অভিযোগ করা হয় যে, গ্যারেজের এক চালককে ধারালো অস্ত্র দিয়ে আহত করে তার তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুর আলম (৩১) নামে এক আসামিকে আটক করা সম্ভব হলেও অন্যরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই উজ্জ্বল মিয়া জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআই সাদিকুর রহমান, এসআই উজ্জ্বল মিয়াসহ সঙ্গীয় ফোর্স বিশেষ তথ্য ও প্রযুক্তির সহায়তায় তুরাগ থানাধীন নয়ানীচালা এলাকার প্রত্যাশা ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনায় জড়িত আরও দুই আসামি মো. আশিক সরদার (২৫) ও মো. আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতিও জব্দ করে পুলিশ।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তুরাগ এলাকায় কিছু অটোরিকশা চালক ও গ্যারেজ মালিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দাবি, কিছু এলাকায় সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার গ্যারেজ পরিচালিত হচ্ছে। এসব গ্যারেজকে কেন্দ্র করে মাদক বাণিজ্য, মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তুরাগ এলাকার অপরাধপ্রবণতা কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।


