আসনাত রাসেল: রাজধানীর তুরাগ এলাকায় অটোরিকশা ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
এ সময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করতে সক্ষম হয়েছে তুরাগ থানার চৌকস পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, গত ১১ জুন তুরাগ থানায় দায়ের হওয়া এক মামলায় অভিযোগ করা হয়, গ্যারেজের এক ড্রাইভারকে ধারালো চাপাতি দিয়ে জখম করে তার তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুর আলম (৩১) নামে এক আসামিকে আটক করা হলেও অন্যরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
মুঠোফোনে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই উজ্জ্বল বলেন; মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআই সাদিকুর রহমান, এসআই উজ্জ্বল মিয়াসহ সঙ্গীয় ফোর্স তুরাগ থানাধীন নয়ানীচালা সংলগ্ন প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে বিশেষ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। অভিযানে ঘটনায় জড়িত আরও দুই অপরাধী—মো.আশিক সরদার (২৫) ও মো. আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতিও জব্দ করেছে তুরাগ থানা পুলিশ। এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, বর্তমানে তুরাগ থানাধীন এলাকায় বেপরোয়া অটোরিকশা চালকদের একাংশ বিভিন্ন অপরাধ ও অপকর্মের সাথে জড়িত আছে বলে জানান এলাকায় বসবাসরত স্থানীয় লোকজন। এলাকাবাসীরা আরও জানান,কিছু কিছু এলাকায় সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই ও অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চলে তুরাগ এলাকার বেশির ভাগ অটোরিকশার গ্যারেজগুলো। আড়ালে চলে মাদক বানিজ্য, মাদক সেবন সহ নানান রকমের অপকর্ম। প্রশাসনের হস্তক্ষেপে এসব অপরাধ ও অপকর্ম বন্ধ হবে বলে আশা ব্যাক্ত করেন তুরাগ থানায় বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


