তুরাগ বামনারটেক এলাকায় রাস্তা নির্মাণের আড়ালে চাঁদাবাজি ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা বিভাগের তুরাগ থানাধীন বামনারটেক এলাকার ৩ নাম্বার রোড / আক্কাস আলী মসজিদ সংলগ্ন রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাবরিনা এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং সঠিক নিয়মনীতি অনুসরণ না করেই ধীরগতিতে চলছে রাস্তা নির্মাণ কাজ।

ভুক্তভোগীদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে রাস্তা সংস্কারের নামে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাজু স্থানীয় চাঁদাবাজ সোহেল রানার সঙ্গে যোগসাজোশ করে কোনো ধরনের ভূমি অধিগ্রহণের আইনি নোটিশ ছাড়াই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ব্যাতিত মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছেন। এতে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রকল্প ব্যয়, রাস্তার দৈর্ঘ্য, কাজের মেয়াদ কিংবা সংশ্লিষ্ট তথ্য সম্বলিত কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি। এতে প্রকল্পের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন সম্প্রতি টেন্ডারকৃত নির্মাণাধীন রাস্তার কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিলেও তা কর্নপাত না করে মানছেন না ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলে অভিযোগ রয়েছে।।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী এলাকাবাসী বলেন, “সরকার রাস্তা করবে, আমরা ট্যাক্স দেবো—এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত করে, অনিয়ম ও হয়রানির মাধ্যমে রাস্তা নির্মাণ করা হচ্ছে যা কিনা- আমরা যেন প্রহসনের শিকার হচ্ছি।”

এ বিষয়ে ঠিকাদার রাজু ও ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বৃষ্টি ও আবহাওয়া জনিত কারণ দেখিয়ে কাজের ধীরগতির ব্যাখ্যা দেন। তবে স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে একই অযুহাতে কাজ ফেলে রাখার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা নিয়েও জনমনে সন্দেহের প্রশ্ন উঠেছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সঠিক নিয়ম মেনে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা ব্যাক্ত করেন বসবাসরত সকল এলাকাবাসী।