বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. হারুনুর রশিদ চৌধুরী (৫৮)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে হারুনুর রশিদ চৌধুরী বিভিন্ন মামলার আসামি হিসেবে দেশের বাইরে ও আত্মগোপনে ছিলেন। বিদেশে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দুবাই ও আফ্রিকার মোজাম্বিকে নানা ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সম্প্রতি ব্যাংকক হয়ে বাংলাদেশে এসে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরীর গ্রেফতারের খবর পাওয়ার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা ও ৫ আগস্টের ঘটনাসহ ৬ থেকে ৭টি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলার তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


