নড়াইলের কালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানসুর মোল্যা (৪৫) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মানসুর মোল্যা (৪৫) কদমতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে৷ মানসুর পেশায় একজন দিনমজুর ছিলেন৷ এ সময় তার সঙ্গে থাকা নূর ইসলামও ছুরিকাঘাতে আহত হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত হাসিব মোল্যার (২২) বাড়িও একই গ্রামে। তার বাবার নাম লিপ্টন মোল্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যাকে অপদস্থ করেন হাসিব। এরপর শনিবার রাতে স্থানীয় একটি দোকানে যান হাসিব। এ সময় ওই ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর ওই দোকানের সাটার আটকে দিয়ে মেম্বারকে অপদস্তের কারণ জানতে চান। তখন তাদের মধ্যে তর্ক বিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মানসুর ও তার সঙ্গে থাকা নূর ইসলামকে ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হাসিব। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে মানসুরের মৃত্যু হয়। আর নূর ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি অভিযুক্ত হাসিবকে ধরতে অভিযান অব্যাহত আছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


