স্থানীয়সূত্রে জানা যায়, মদ তৈরির কাঁচামাল ইছাপুরা বাজার থেকে সংগ্রহ করে বান্ধা ঘাট হয়ে ট্রলারে করে ওই কারখানায় নেওয়া হয়। সেখানে বড় বড় ড্রামে কাঁচামালের মিশ্রণ তৈরি করে তিন থেকে চার দিন নদীতীরের বালুর নিচে পুঁতে রাখা হয়। পরে নির্ধারিত রাতে ড্রামগুলো আগুনে জ্বাল দিয়ে সারারাত ধরে বাংলা মদ প্রস্তুত করা হয়। উৎপাদিত মদ দুটি ট্রলারের মাধ্যমে মস্তুল, পূর্বাচল উপশহর, পাতিরা, রূপগঞ্জ, বেরাইদসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। স্থানীয়দের দাবি, নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে অন্তত আটজন ব্যবসায়ী এসব মদ গ্রহণ করে খুচরা পর্যায়ে বিক্রি করেন।
এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা নামলেই বালু নদীর তীরজুড়ে জমে ওঠে বাংলা মদের বেচাকেনা। গভীর রাত পর্যন্ত চলে প্রকাশ্যে মদ্যপান, মাতলামি ও হট্টগোল। স্থানীয়দের দাবি, সহজলভ্য এই মদের কারণে কিশোর-তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ নেশার দিকে ঝুঁকে পড়ছেন, যা এলাকার সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের প্রশ্ন, নদীপথে কাঁচামাল পরিবহন, জঙ্গলে অবৈধ উৎপাদন এবং প্রকাশ্যে বিক্রির মতো কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরে তা কেন আসছে না। এ অবস্থায় অবিলম্বে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানা উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


