নদী রক্ষা কমিশনের কার্যক্রম কতটা দৃশ্যমান? 

সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি: বাংলাদেশ নদী রক্ষা কমিশনের প্রধান দায়িত্ব হলো দেশের নদ-নদী, খাল ও জলাশয়কে অবৈধ দখল ও দূষণ থেকে রক্ষা করা এবং এসব জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদান করা। একই সঙ্গে নদী দখলকারী ও দূষণকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা, নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা, শিল্পকারখানার বর্জ্যে নদী দূষণ রোধে উদ্যোগ গ্রহণ এবং মৃতপ্রায় নদীগুলো পুনঃখননের মাধ্যমে পুনরুজ্জীবিত করার বিষয়েও কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া নদী, খাল ও জলাশয় রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করাও কমিশনের অন্যতম দায়িত্ব। তবে আমাদের অনুসন্ধানে দেখা যায়, নদী রক্ষা কমিশনের মাঠপর্যায়ে নদ-নদী, খাল ও জলাশয় দখলমুক্ত বা সংরক্ষণ কার্যক্রমে সরাসরি দৃশ্যমান তৎপরতা খুব একটা চোখে পড়ে না। ফলে জনমনে প্রশ্ন উঠেছে—কমিশন তার নির্ধারিত দায়িত্ব কতটুকু কার্যকরভাবে পালন করছে?

ওয়াসা ও জেলা প্রশাসনের বিভিন্ন জরিপ অনুযায়ী, রাজধানী ঢাকায় বর্তমানে প্রায় ৪৩টি খাল রয়েছে। অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)-এ ২১৯টি খাল ও জলাশয়ের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের তথ্য বলছে, একসময় ঢাকায় প্রায় ৫৭টি খাল প্রবাহমান ছিল। কিন্তু দীর্ঘদিনের দখল, ভরাট ও অব্যবস্থাপনার কারণে অনেক খালের অস্তিত্ব এখন প্রায় বিলীন।

এর একটি উদাহরণ তুরাগ নদের সঙ্গে সংযুক্ত কোটবাড়ি খাল। স্থানীয়দের অভিযোগ, একসময় সচল থাকা এই খাল এখন প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকার দখল হওয়া খাল পুনরুদ্ধার, খনন এবং দখলমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় ২৯টি খাল পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে ঢাকার সব খাল পুনরুদ্ধার করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, খাল উদ্ধার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। অনেক স্থানে দখলমুক্তকরণ, পুনঃখনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। সচেতন মহলের মতে, নদী ও খাল রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ, নিয়মিত তদারকি এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে দেশের নদ-নদী ও খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।