নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবির অভিযোগে একটি শিল্পপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
লিখিত অভিযোগ পাওয়ার পর শনিবার (২৯ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার বিকালে বন্দর উপজেলার মদনপুরের সুখেরটেক এলাকার ‘হলোপ্লাস সেন্টার’ নামের ওই শিল্পপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির ম্যানেজার সাইফুল ইসলাম জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকালে দুর্বৃত্তরা অতর্কিতভাবে কারখানায় হামলা চালায়। হামলাকারীরা প্রতিষ্ঠানের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা কারখানার সীমানাপ্রাচীরের বাইরের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


