বসুন্ধরায় চীনা নাগরিকদের সাইবার প্রতারণার আস্তানা

এস.এম.নাহিদ: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোপনে গড়ে ওঠা একটি কথিত সাইবার প্রতারণা চক্রের আস্তানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত ২০টি জিএসএম গেটওয়ে, ৬ হাজারের বেশি সক্রিয় সিম, ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ডিবির দাবি, চক্রটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনলাইন প্রতারণা ও অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১লা আগষ্ট) রাতে সাইবার ক্রাইম বিভাগের একটি দল বসুন্ধরার একটি ছয়তলা ভবনে অভিযান চালায়। সেখান থেকে ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি গেটওয়ে মেশিন, ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। তদন্তকারীদের ভাষ্য, ভবনটির চতুর্থ ও পঞ্চম তলা ভাড়া নিয়ে সেখানে বিদেশি নাগরিকদের মাধ্যমে একটি প্রযুক্তিনির্ভর প্রতারণা নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল।

ডিবির দাবি, চক্রটি চাকরি, বিশেষ অফার ও বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে মানুষের মোবাইলে বার্তা পাঠাত। ভুক্তভোগীরা লিংকে প্রবেশ করলেই প্রতারণার ফাঁদে পড়তেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা একাধিক সিম পরিচালনাযোগ্য বিশেষ ডিভাইস ব্যবহার করায় আইএমইআই শনাক্ত করাও কঠিন হয়ে পড়ত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।