কহিনুর, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর বাউফলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির দরজার সামনে বাউফল-কালিশুরী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুবেল হাওলাদারকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার রুবেল হাওলাদার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিশুরী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. বাবুল হাওলাদার এবং মায়ের নাম রাজিয়া বেগম।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নম্বর-১৬, জিআর-৩২৮, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।


