স্টাফ রিপোর্টার, চরফ্যাশন, ভোলা: ভোলার চরফ্যাশনে ছুটিতে এসে শ্বশুরবাড়ি এলাকায় প্রভাব বিস্তার এবং প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তার শ্বশুরবাড়ির পরিবারের আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিউল্লাহ বাদী হয়ে শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. শফিউল্লাহর সঙ্গে হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. রফিক উল্লাহর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশি বৈঠকও হয়।
অভিযোগ রয়েছে, সালিশি বৈঠকের সিদ্ধান্ত না মেনে রফিক উল্লাহর পক্ষ রাতের আঁধারে গোপনে একটি ঘর নির্মাণ করে। পরে সালিশদারদের পক্ষ থেকে উভয় পক্ষকে নিয়ে পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত জানানো হয়।
এরই মধ্যে গত ২৬ আগস্ট শফিউল্লাহর পরিবারের সদস্যরা পাশের জমিতে পাটগাছ কাটতে গেলে রফিক উল্লাহর জামাতা ও বিজিবি সদস্য মো. শাহিনসহ তার শ্বশুরবাড়ির লোকজন তাদের ওপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
হামলায় শফিউল্লাহর পরিবারের ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আমিনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. আনোয়ার হোসেন ওরফে সংগ্রাম ডাক্তারের ছেলে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. শাহিনকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত মো. ফরিদ অভিযোগ করেন, বিজিবি সদস্য শাহিন বোরকা পরে মুখ ঢেকে হামলায় অংশ নেন। তার শ্যালক রফিকের লাঠির আঘাতে শাহিনের মুখ থেকে বোরকা সরে গেলে তাকে চিনতে পারেন বলে দাবি করেন ফরিদ।
ফরিদ আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর শাহিন বিজিবিতে চাকরি করার বিষয়টি উল্লেখ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার প্রভাবেই শ্বশুরবাড়ির লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন বিজিবি সদস্য মো. শাহিন। তিনি বলেন, “ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে।”
শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
তবে হামলার সময় বিজিবি সদস্য শাহিন ঘটনাস্থলে ছিলেন কি না, তিনি বোরকা পরে হামলায় অংশ নিয়েছিলেন কি না এবং তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের সত্যতা—এসব বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


