ভাঙ্গারি ব্যবসার আড়ালে চুরির অভিযোগ তৈয়বের বিরুদ্ধে

সংবাদদাতা: গাজীপুরের একটি শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৯ কোটি ৯৫ লাখ টাকার মালামাল চুরির মামলায় গ্রেপ্তার হয়ে পরবর্তীতে জামিনে মুক্ত হওয়া এক ব্যক্তিকে ঘিরে এলাকায় বিভিন্ন অভিযোগ ও আলোচনা চলছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, তৈয়ব নামে ওই ব্যক্তি ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
মামলা সূত্রে জানা যায়, গাছা থানায় দায়ের করা মামলা নং-০৪, তারিখ ০২ ফেব্রুয়ারি ২০২৬, পেনাল কোডের ৩৮০/৩৮১/৪২৭/৩৪ ধারায় একটি চুরির ঘটনা উল্লেখ করা হয়। মামলার বাদী মো. শহিদুল ইসলাম অভিযোগ করেন, তাদের প্রতিষ্ঠান হীরা গ্লাস অ্যান্ড কোটিং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে বন্ধ ছিল।
বাদীর দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিল একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি অডিট টিম কারখানা পরিদর্শনে গিয়ে গেটের তালা ভাঙা এবং ভেতরে মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত ও এলোমেলো অবস্থায় দেখতে পায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ৪টি অটোমেটিক হাইড্রোলিক প্রেস মেশিন, ২টি মিক্সার মেশিন, একটি ইন্ডাস্ট্রিয়াল জেনারেটরসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি ৯৫ লাখ টাকা।
মামলার অভিযোগ অনুযায়ী, ৩১ জানুয়ারি রাত থেকে ১ ফেব্রুয়ারি ভোরের মধ্যে সংঘবদ্ধ একটি চক্র ট্রাকযোগে এসব মালামাল সরিয়ে নেয়। ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর দক্ষিণখান এলাকার ফায়দাবাদ থেকে তৈয়ব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।
এদিকে, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। এত বড় অঙ্কের মালামাল চুরির ঘটনায় জড়িত সকল ব্যক্তি শনাক্ত ও আইনের আওতায় এসেছে কি না, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
সচেতন মহলের দাবি, শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চুরি, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং এ ধরনের ঘটনার নেপথ্যের কারণ দ্রুত তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।