শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারে তামাক বিক্রি, ব্যবস্থা নেবে কে?

আনিছুরজ্জামান খোকন, ক্রাইম রিপোর্টার: শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত পণ্যের বিক্রি বন্ধে কঠোর বিধান করেছে সরকার। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে কোনো ব্যক্তি তামাক বা তামাকজাত পণ্য বিক্রি বা বিক্রির ব্যবস্থা করতে পারবেন না।

অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে কিংবা আশপাশে দোকান বসিয়ে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ তামাকজাত পণ্য বিক্রি করে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। শিক্ষার্থীদের কোমল বয়সে তামাকের সহজলভ্যতা কমানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে তামাকমুক্ত পরিবেশে পরিণত করাই এ বিধানের অন্যতম উদ্দেশ্য।

আইন ভাঙলে জরিমানা সংশোধিত বিধান অনুযায়ী, নির্ধারিত ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা হতে পারে। একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার সংঘটিত হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হওয়ার বিধান রয়েছে।

এছাড়া সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে নিষিদ্ধ এলাকার সীমানা আরও বাড়াতে পারে। বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আইনে নিষেধাজ্ঞা থাকলেও দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত পণ্যের দোকান ও বিক্রির অভিযোগ রয়েছে। কোথাও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথের কাছেই প্রকাশ্যে সিগারেট বিক্রি হচ্ছে, এমন অভিযোগও পাওয়া যায়।
সচেতন নাগরিকদের প্রশ্ন, আইন যদি থাকে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের এত কাছে তামাকের দোকান কীভাবে চলছে? স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি এবং কার্যকর অভিযান ছাড়া শুধু আইন প্রণয়ন করে এর সুফল পাওয়া সম্ভব নয়।

শিক্ষার্থীদের স্বার্থে কঠোর নজরদারি দাবি অভিভাবক ও সচেতন মহলের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধভাবে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করতে হবে। একই সঙ্গে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রির বিরুদ্ধে কোনো ছাড় নয়। আইনের কঠোর প্রয়োগই পারে শিক্ষার্থীদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে নির্ধারিত ১০০ মিটার এলাকা চিহ্নিত করে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে অবৈধভাবে তামাকজাত পণ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।