হাসান সাঈদ খান: রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর, ফায়দাবাদ ও গোয়ালটেক এলাকাজুড়ে রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে বহুমুখী পরিচয়ে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে রিয়াজ মোল্লার বিরুদ্ধে। কখনও তিনি সাপোর্ট টু কনভিয়েন্ট লিমিটেড–এর পরিচালক, আবার কখনও স্পেস টেন–এর কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এদিকে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজউকের নকশা ব্যত্যয় করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছে রাজধানীর ফায়দাবাদ গোয়ালটেক সালমা মার্কেট সংলগ্ন আল ইনসাফ টাওয়ার। এই ভবনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রিয়াজ মোল্লার নাম উঠে এসেছে। জানা গেছে, ভবনটি নির্মাণে রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ করা হয়নি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে গত ০৫ মে ২০২৫ তারিখে মনিরুজ্জামান লিটন গং-এর আরএস দাগ নং ৪৮৩ সংক্রান্ত ইমারত নির্মাণে নকশা ব্যত্যয়ের অভিযোগে একটি নোটিশ প্রদান করা হয়। ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা বাণিজ্যিক দোকানে রূপান্তরের অভিযোগও রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে প্রতি কাঠা জমির বিপরীতে অন্তত একটি গাছ রাখার শর্ত রয়েছে। পরিবেশের ভারসাম্য ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই নীতিমালা প্রণয়ন করা হয়।
কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রায় ১১ কাঠা জমির উপর নির্মিত ১০ তলা আল ইনসাফ টাওয়ারের চারপাশে ১১টি গাছ থাকার কথা থাকলেও বাস্তবে একটি গাছও দৃশ্যমান নয়। ফলে পরিবেশগত শর্ত পূরণ হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজউকের সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডিকে জানান, ভবনের অনিয়মের কারণে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য নোটিশ পাঠানো হয়েছে। তবে প্রায় এক বছর পেরিয়ে গেলেও সংযোগ বিচ্ছিন্ন হয়নি।
এতে প্রশ্ন উঠেছে—রাজউকের নির্দেশ বাস্তবায়নে ডেসকো কেন নিষ্ক্রিয়? প্রশাসনিক সমন্বয়ের অভাব, নাকি প্রভাবশালী মহলের হস্তক্ষেপ—এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে।
অনুসন্ধানে জানা গেছে, জমি ক্রয় করে বহুতল ভবন নির্মাণের পর “শেয়ারিং কনসেপ্ট”-এর মাধ্যমে ইউনিট হস্তান্তর করা হয়। এতে অনেক ক্ষেত্রে প্রচলিত রেজিস্ট্রেশন ও রাজস্ব কাঠামো পাশ কাটিয়ে লেনদেন হওয়ার অভিযোগ রয়েছে।
এই ব্যবসায়িক মডেলের সঙ্গে ওমর খসরু খান, রিয়াজ মোল্লা, আতিকুর রহমান, বিল্লাল হোসেন ও হোসেন নামের ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে।
নগর পরিকল্পনাবিদ ও স্থানীয়দের মতে, নকশা ব্যত্যয় করে বহুতল ভবন নির্মাণ শুধু আইন লঙ্ঘন নয়, বরং জননিরাপত্তা ও পরিবেশের জন্যও বড় ঝুঁকি। পার্কিংয়ের জায়গা দখল, অগ্নি-নিরাপত্তার ঘাটতি এবং সবুজায়নের অভাব ভবিষ্যতে গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে।
সচেতন মহলের দাবি, রাজউক, ডেসকো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করে অবৈধ নির্মাণ ও শেয়ারিং কনসেপ্টের আড়ালে চলা অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আল ইনসাফ টাওয়ারসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর দলিল, শেয়ারিং চুক্তি, রাজউকের নথি এবং বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের পেছনের প্রভাবশালী মহলের সম্ভাব্য ভূমিকা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে আগামী সংখ্যায়।


