ইয়াছিন, উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদরাসার প্রায় পাঁচ হাজার সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মো. ওমর ফারুকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) সকাল ৭টার দিকে বন্ধ থাকা চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদরাসা থেকে প্রায় পাঁচ হাজার সরকারি পাঠ্যবই সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেখানে গিয়ে বইগুলো আটকে দেন। এ সময় মাদরাসার সুপার ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারের বরাদ্দ দেওয়া বইগুলো গোপনে বিক্রির উদ্দেশ্যেই সরিয়ে নেওয়া হচ্ছিল। পরে বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসার সুপার মাওলানা মো. ওমর ফারুক। তিনি বলেন, “একটি শ্রেণিকক্ষ খালি করার প্রয়োজন হওয়ায় আমি ও প্রতিষ্ঠানের কর্মচারীরা বইগুলো সরানোর প্রস্তুতি নিয়েছিলাম। এগুলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বই নয়। স্থানীয়রা ভুল বুঝে আপত্তি জানালে আমি সেখান থেকে চলে আসি।”


